
সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফে ১৬ এপিবিএনের নেতৃত্বে বিভিন্ন ক্যাম্প এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার, চারটি ওয়ারেন্ট তামিল এবং মোবাইল কোর্টে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত ১৬ এপিবিএনের অধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, র্যাব, ব্যাটালিয়ন আনসার, কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোট ১০৫ জন সদস্য অংশ নেন।
অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক আভিযানিক দল পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করে। পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারটি ওয়ারেন্ট তামিল করা হয়।
এ ছাড়া অনলাইন জুয়া, পুলিশি কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অপরাধের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে ছয় মাস করে, চারজনকে তিন মাস করে এবং চারজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার বা আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলে ১৬ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে।
১৬ এপিবিএন জানিয়েছে, ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধির নাম 



















