
নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলার এক বাজার থেকে অন্য বাজারে ভ্যানে সার সরিয়ে নেওয়ার অভিযোগে ২ সার ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ৩৮ বস্তা সার জব্দ করে তা স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার দশপাখিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধলগ্রাম বাজারের সার ব্যবসায়ী সাহেব কুন্ডু ৩৮ বস্তা সার একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে নারিকেলবাড়িয়া বাজারের ব্যবসায়ী উজ্জ্বল সাহার কাছে পাঠাচ্ছিলেন।
পথে দশপাখিয়া এলাকায় স্থানীয়রা ভ্যানটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।
পরে ঘটনাস্থলে গিয়ে ইউএনও সারগুলো জব্দ করেন। জব্দ করা সারের মধ্যে ২৩ বস্তা ডিএপি ও ১৫ বস্তা টিএসপি সার ছিল।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ব্যবসায়ী উজ্জ্বল সাহাকে ১৫ হাজার টাকা এবং সাহেব কুন্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করে দেওয়া হয়।
ইউএনও ভূপালী সরকার জানান, সার মজুত, পরিবহন ও বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















