
সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফের খারাংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ রুহুল আমিন (১৮) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)–এর অধীন খারাংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়। আটক রুহুল আমিন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার পূর্বপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে।৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে খারাংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মৌলভীবাজার বিএসপি পোস্টের কাছাকাছি অবস্থান নেয়। সকাল আনুমানিক ৫টা ৪০ মিনিটে মিয়ানমার দিক থেকে এক ব্যক্তিকে সন্দেহজনক একটি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবির সদস্যরা তাকে আটক করে। তার বহন করা বস্তায় তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুহুল আমিন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছে।৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
প্রতিনিধির নাম 



















