
মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
“ঐক্যের বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে সাড়ম্বরে উদযাপিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর দ্বিতীয় বর্ষপূর্তি। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মান্যবর ভাইস-চ্যান্সেলর প্রফেসর তাহমিনা আক্তার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মান্যবর সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল মামুন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবদুস সোবাহান এবং মান্যবর ট্রেজারার প্রফেসর ড.মোঃ জাহাঙ্গীর হোসেন। এতে আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে বলেছেন,”তরুণ ও সাধারণ মানুষের অসামান্য আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্য অপরিহার্য। ঐক্যের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে শিক্ষা ও বস্তুনিষ্ঠ গবেষণার মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় পরিবারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”আলোচনা পর্ব শেষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 



















