
মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ।
যশোরের মনিরামপুর উপজেলার কোনাকোলা বাজার থেকে খাটুয়াডাঙ্গা সড়কের স্কুলসংলগ্ন কালভার্টের মুখ দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পুরো সড়ক পানির নিচে তলিয়ে যাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটুপানি ভেঙে বিদ্যালয়ে যেতে হচ্ছে। এছাড়া সাধারণ মানুষও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুম এলেই কালভার্ট দিয়ে পানি অপসারণের পথ বন্ধ থাকায় এই সড়কটি জলাবদ্ধতায় ডুবে যায়। বিভিন্ন সময়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও গত তিন বছরেও কালভার্ট পুনঃস্থাপন, সরকারি জমি উদ্ধার কিংবা সড়ক সংস্কারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ভুক্তভোগী পথচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে পোহাতে এটি যেন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। তাই এখন আর কারও আশায় বসে থাকি না। আমরা চাই, অবিলম্বে কালভার্টের মুখ থেকে অবৈধ দখল উচ্ছেদ করে পানি চলাচলের স্বাভাবিক ব্যবস্থা করা হোক এবং সরকারি জমি উদ্ধার করে সড়কটি সংস্কার করা হোক।”
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে হাজারো মানুষের ভোগান্তির অবসান হবে এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।
প্রতিনিধির নাম 



















