
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩০০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
আজ ২৫ মে সকালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, মোঃ জুবায়ের হোসেন রানা, রাহাতুল ইসলাম শাকিল, মোঃ ইউনুস শেখ, আঃ রউফ খোকন, হাফেজ বনী আমিন, শিকদার ময়নুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত অভাবী ও দুস্থ ৩০০টি পরিবারকে এই সহায়তার আওতায় আনা হয়। পবিত্র ঈদুল আজহায় যেন কোনো পরিবার আনন্দ থেকে বঞ্চিত না হয় এবং সবাই সপরিবারে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সে লক্ষ্যেই এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত বলেন,
“মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সবসময় দেশের সাধারণ মানুষের পাশে আছেন। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে পারি। প্রধানমন্ত্রীর এই উপহার দুস্থ পরিবারগুলোর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।”
অনুদান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক সুবিধাভোগী। উপহার নিতে আসা এক সুবিধাভোগী বলেন,
“কোরবানির ঈদের আগে এই সহায়তা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। এখন আমরাও সন্তানদের নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব। প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করি।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের পূর্বমুহূর্ত পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক সহায়তা ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে কোনো অসহায় মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
অনুষ্ঠান শেষে ‘ভূমি সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত।
প্রতিনিধির নাম 



















