
মেহেরুল ইসলাম মোহন স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুর থানার গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিরোপাড়া এলাকায় দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশের একটি বিশেষ অভিযানে ১টি বিদেশি রিভলবার,৬ রাউন্ড গুলি, ও ২টি টিপ/গিয়ার চাকুসহ এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই ঘটনায় আরেক আসামি পালিয়ে গেছে। সোমবার(৫মে-২০২৬) দিবাগত রাত পৌনে ২ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর (পিপিএম)-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দক্ষ অভিযানিক টিম নাটোর জেলার লালপুর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
চিনির বন্দর থানার মামলা (নং-০২, তারিখ ০৫ জানুয়ারি ২০২৬) তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার ৫ মে-২০২৬ দিবাগত রাত পৌনে ২টার দিকে গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিরোপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে আরিফ হোসেন (২৭), পিতা আতাউর মালিথা, সাং- বিরোপাড়া, থানা-লালপুর, জেলা-নাটোরকে গ্রেফতার করা হয়।এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার (যার গায়ে “Made in Pakistan” লেখা), ৬ রাউন্ড তাজা গুলি (লোডেড অবস্থায়) এবং ২টি গিয়ার চাকু উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২টি স্মার্ট মোবাইল ফোন (একটি Xiaomi HyperOS এবং একটি Vivo V30) ও বিভিন্ন অপারেটরের ১৫টি সিম কার্ড জব্দ করা হয়, যা প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযানকালে সহযোগী আসামি বিজয় ইসলাম (২২), পিতা: রাকিবুল ইসলাম, সাং- দেলুয়া রুইগাড়ী, থানা-লালপুর, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা যোগসাজশে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে “MD Jalal Si” নামে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন মোবাইল নম্বরের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছিল। একই চক্রের আরও অজ্ঞাত সদস্য দেশের বিভিন্ন স্থানে একই কৌশলে প্রতারণা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের মাঝে নিশ্চিত করেছেন।
প্রতিনিধির নাম 



















