
ইবি প্রতিনিধি
ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য উন্মুক্ত মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং এন্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দুইশতাধিক ভর্তিচ্ছু অংশগ্রহণ করে।
এ বিষয়ে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং এন্ড আইডিয়াল হোমের পরিচালক হাফিজুর রহমান হাফিজ বলেন, বিগত সময়ে যখন আমরা কোন মডেল টেস্টের আয়োজন করতাম তখন আমার বিভাগের ছোট ভাই শহিদ সাজিদ আব্দুল্লাহ পাশে থাকতো। আজ সাজিদ আব্দুল্লাহ আজ আমাদের মাঝে নেই। সেই শহীদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে, আমরা আজকে মডেল টেস্ট পরীক্ষার আয়োজন করেছি। আমরা দোয়া করছি, আল্লাহ তায়ালা যেন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করে৷ সেই সাথে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিচার বিভাগের প্রতি দাবি জানাই অতিদ্রুত এই হত্যার সাথে সংশ্লিষ্টদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
উল্লেখ্য, আগামীকাল রোববার (১২ এপ্রিল) দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত গুচ্ছের বাইরে নিজস্ব পদ্ধতিতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগে ৩৩০টি আসন রয়েছে।
প্রতিনিধির নাম 



















