
মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন
ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটি সদস্য ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার। বুধবার রাতে ফেসবুকের মাধ্যমে এক বার্তায় তিনি এই দাবি করেন। পাঠকদের জন্য তার পোস্টটি হুবুহু তুলে ধরা হলো।
তারেক আকবর খোন্দকার তার ফেসবুকে লেখেন, চট্টগ্রামের রাউজানে আবারও একটি নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে, ইউনিয়ন পরিষদের পাশেই আবদুল মজিবকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।৫ আগস্ট ২০২৪-এর পর থেকে রাউজানে ইতোমধ্যে ১৯টিরও বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হবে—আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে—এমনটাই আমার ধারণা ও প্রত্যাশা ছিল। কিন্তু অত্যন্ত দুঃখ ও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, বাস্তবতা এখনো আগের মতোই রয়ে গেছে।
রাউজানের সাধারণ মানুষের জীবন যেন আজ বড়ই অনিরাপদ হয়ে উঠেছে। মানুষের জীবনের মূল্য যেন ক্রমেই তুচ্ছ হয়ে যাচ্ছে। একটি জীবন হারানো যেন আর কোনো বিষয়ই নয়—এই মানসিকতা অত্যন্ত ভয়ংকর। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাই—এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। কোনো প্রকার গাফিলতি বা দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা যেন না থাকে। সঠিক তদন্ত ও ন্যায়বিচারই পারে মানুষের আস্থা ফিরিয়ে আনতে।
রাউজানের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
প্রতিনিধির নাম 



















