
সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. কামাল (৩৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উখিয়া উপজেলার সীমান্তবর্তী কাটাপাহাড় শাহজাহানের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কামাল উখিয়ার বালুখালী জমিদারপাড়া গ্রামের কবির আহমেদের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে মিয়ানমার দিক থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
পরে তার হাতে থাকা কালো পলিথিনের ভেতর তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৪ কার্টন ইয়াবা উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছিল বলে জানিয়েছে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কামাল মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
প্রতিনিধির নাম 



















