
মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় (Eskuf) সিরাপ ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতভর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান দুটি পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ ও চৌকা বিওপির বিশেষ টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মো. রায়হানুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ভেহিক্যাল স্ক্যানারের সামনে পাকা সড়কে অভিযান চালায়।
এ সময় ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ ও একটি Pulsar 150 সিসি মোটরসাইকেলসহ মো. মামুন মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়। আটক মামুন মিয়া শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের তোজাম্মেলের ছেলে।
অপরদিকে, চৌকা বিওপিতে কর্মরত হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৭/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ঘেরার মাঠ এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় আরও ৯১ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করা হয়।
দুটি অভিযানে সর্বমোট ১২৬ বোতল নেশাজাতীয় সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের মোট সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার ৪০০ টাকা।
আটক ব্যক্তিসহ জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 



















