
মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি ।। তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে খেলাধুলার সামগ্রী উপহার দিয়েছেন চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বারেক ভূঁইয়া। সোমবার (১ জুন) সকালে চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে স্থানীয় তরুণদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়। জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মধ্য ইছলী সিনিয়র-জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে সামনে রেখে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের মাঝে জার্সি ও ফুটবল প্রদান করা হয়। এছাড়াও টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় বারেক ভূঁইয়া বলেন, “বর্তমান সময়ে মাদক আমাদের তরুণ সমাজের জন্য একটি বড় হুমকি। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, “তরুণদের হাতে মাদকের পরিবর্তে খেলাধুলার সরঞ্জাম তুলে দিতে হবে। পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে প্রতিটি এলাকায় ক্রীড়া চর্চার পরিবেশ তৈরি করা জরুরি। খেলাধুলার মাধ্যমে তরুণরা যেমন নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়, তেমনি অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকেও দূরে থাকে। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী, যুবসমাজ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা তরুণদের কল্যাণে এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিনিধির নাম 



















