
মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
বৃহস্পতিবার ০৭ মে ২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলাজুড়ে মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাদকদ্রব্যসহ হাতেনাতে চারজনকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৪ পিস উচ্চ মাত্রার বুপ্রেনরফাইন ইনজেকশন এবং ১০ গ্রাম গাঁজা।
আটককৃতদের তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত সাক্ষ্যপ্রমাণ ও অপরাধের গুরুত্ব বিবেচনা করে নিম্নোক্ত রায় প্রদান করেন:
বিপদ হোসেন (৫৭) হাতিকাটা গ্রাম ৫ গ্রাম গাঁজা ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ২০০ টাকা।
আশরাফুল (৪০) দৌলতদিয়া গ্রাম ২ অ্যাম্পুল ইনজেকশন ০১ মাস বিনাশ্রম কারাদণ্ড ২০০ টাকা। সাইফুল ইসলাম (৪২) জিনতলা পাড়া ২ পিস ইনজেকশন ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড ১০০ টাকা। মহিবুল হোসেন (৩৮) হাতিকাটা গ্রাম ৫ গ্রাম গাঁজা ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ৫০ টাকা।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, মাদকাসক্তি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে বুপ্রেনরফাইন ইনজেকশনের মতো মরণঘাতী মাদকের বিস্তার রোধে তারা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম জানান, জনস্বার্থে এবং তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের সাজা পরোয়ানা মূলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এলাকায় মাদকের অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার এবং এ সংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
প্রতিনিধির নাম 



















