
ইবি সংবাদদাতা :
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডিবেটিং সোসাইটির সভাপতি ও সাধারণ পদে ২০২৬-২৭ অর্থ বছরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ বর্ষের ইয়াছিন আলী ও সাধারণ সম্পাদক পদে
ফার্মেসি বিভাগের একই বর্ষের লাবিদ হোসেন ইফতি নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আটটি আবাসিক হল ডিবেটিং সোসাইটির নির্ধারিত ভোটারদের প্রত্যক্ষ ভোটে, মডারেটর ও উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে এ নির্বাচনের আয়োজন করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ ও ২০২০-২১ বর্ষের চারজন শিক্ষার্থী সভাপতি পদে এবং ২০২০-২১ ও ২০২১-২২ বর্ষের তিনজন শিক্ষার্থী সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা করেছেন। এতে প্রত্যেক হল থেকে তিনজন সদস্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। নির্বাচনে মডারেটরের ভোটসহ দুই পদে ভোটার সংখ্যা ৫০। এর মধ্যে ৪৮ টি ভোট নিশ্চিত করা গেছে। এতে ১০ ভোট পেয়ে সভাপতি পদে ইয়াছিন আলী ও ২০ ভোট পেয়ে লাবিদ হোসেন ইফতি নির্বাচিত হয়েছেন।
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইফতি বলেন,
ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি নিয়ে আমার পরিকল্পনায় প্রথমত, নিয়মিত সাপ্তাহিক ও মাসিক সভা, নবীন বিতার্কিক রিক্রুটমেন্ট, নিয়মিত বিতর্ক কর্মশালার আয়োজন, প্রত্যেক প্রোগ্রামে ডিবেটিং সোসাইটি থেকে অংশগ্রহণ, আন্তঃহল ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের বিষয় রয়েছে। এছাড়া অন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে দক্ষ বিতার্কিক এনে বিতর্ক প্রশিক্ষণ, কর্মশালা ও জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা, সকল এক্সিকিউটিভ মেম্বারদের তার কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত, প্রতিটি কাজে মডারেটর স্যার ও সাবেক বিতার্কিকদের পরামর্শ গ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি উল্লেখযোগ্য। আশা করি, পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ার পর সকলকে সাথে নিয়ে আমার প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করে IUDS কে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারবো।
নবনির্বাচিত সভাপতি ইয়াছিন আলী বলেন,
ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সংগঠনকে একটি গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও চিন্তার বিকাশের সুযোগ পাবে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ডিবেটিং সোসাইটিতে নতুন গতি আনাই আমার অগ্রাধিকার। নিয়মিত কার্যক্রম, প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার মাধ্যমে আমরা একটি সক্রিয় ও প্রাণবন্ত বিতর্ক পরিবেশ নিশ্চিত করব।
তিনি আরও বলেন, খুব শিগ্গিরই জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে, যাতে ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের বিতর্ক অঙ্গনে আরও দৃশ্যমান ও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। এতে প্রতিটি বিভাগ ও হল থেকে নতুন ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে একটি শক্তিশালী নতুন প্রজন্মের বিতার্কিক তৈরি হয়। ডিবেটিং সোসাইটিকে সম্পূর্ণ মেধাভিত্তিক, স্বচ্ছ এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমার অঙ্গীকার। আমি বিশ্বাস করি, প্রত্যেকটি হল প্যানেলের সাথে সমন্বিত প্রচেষ্টা, পরিকল্পনা এবং আন্তরিকতার মাধ্যমে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে জাতীয় পর্যায়ে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারব।
প্রতিনিধির নাম 



















