মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
জিপিএ-৫ পেয়ে উচ্চশিক্ষার মাধ্যমে ভবিষ্যতে বড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন চুয়াডাঙ্গার তরুণ শাকিবুল ইসলাম তন্ময় (২০)। কিন্তু ঘাতক ডেঙ্গু জ্বর সেই স্বপ্ন চিরতরে কেড়ে নিয়েছে। ঢাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অকালেই জীবন প্রদীপ নিভে গেছে এই মেধাবী তরুণের। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শাকিবুল ইসলাম তন্ময় চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি রেলগেট এলাকার বাসিন্দা ছিলেন। অত্যন্ত মেধাবী এই তরুণ সম্প্রতি অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেন। এইচএসসি পাসের পর তার লক্ষ্য ছিল দেশের কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা। সেই স্বপ্ন পূরণের জন্যই তিনি পরিবারের মায়া ছেড়ে রাজধানী ঢাকায় গিয়ে একটি কোচিং সেন্টারে ভর্তি হন এবং বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিতে শুরু করেন।
ঢাকায় অবস্থান করে কোচিং করার সময় হঠাৎ করেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তন্ময়। শুরুতে সাধারণ জ্বর মনে করে চিকিৎসা নেওয়া হলেও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করে নিবিড় চিকিৎসাসেবা দেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন মেধাবী তন্ময়।
তন্ময়ের মৃত্যুর সংবাদটি চুয়াডাঙ্গায় তার গ্রামের বাড়িতে পৌঁছানোর পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। একমাত্র মেধাবী সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশের বাতাস। যোগ্য ও মেধাবী একটি তরুণের এমন প্রয়াণে তার বন্ধু, সহপাঠী ও এলাকাবাসী গভীরভাবে শোকাহত।
ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের বিরুদ্ধে আরও জোরালো প্রতিরোধ ও সচেতনতা গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।