মোস্তাক আহমেদ (বাবু) পীরগাছা রংপুর প্রতিনিধি :
মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ইউনিয়ন পর্যায়ে এ সেবা আরও কার্যকর করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
নবজাতক, মা ও শিশুর স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অবদান রাখায় জননী প্রকল্প ও দৈনিক সমকাল-এর যৌথ উদ্যোগে ঢাকার তেজগাঁওয়ে সমকালের হেড অফিসের হলরুমে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।
বৈঠকে মা ও নবজাতকের জন্য আরও কার্যকর, মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মাঠপর্যায়ে সেবার সুযোগ বাড়ানো এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, মা ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুধু হাসপাতালকেন্দ্রিক উদ্যোগ যথেষ্ট নয়।
পরিবার, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
গোলটেবিল বৈঠকে বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা নিজ নিজ অভিজ্ঞতা থেকে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় তুলে ধরেন।
এ সময় রংপুরের পীরগাছা উপজেলার ৯ নম্বর কান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো, আব্দুস সালাম আজাদ (জুয়েল) উপস্থিত ছিলেন। তিনি স্থানীয় পর্যায়ে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের ভূমিকা এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরেন।
বৈঠকে বক্তারা বলেন, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের সুরক্ষা নিশ্চিত করতে গর্ভকালীন সেবা থেকে শুরু করে প্রসব এবং প্রসব-পরবর্তী সময় পর্যন্ত ধারাবাহিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জটিল পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি করাও গুরুত্বপূর্ণ।
আলোচনায় মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা নিতে গিয়ে মানুষের যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
অংশগ্রহণকারীরা বলেন, মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য বিষয়। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
গোলটেবিল আলোচনায় প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতকের প্রয়োজনীয় সেবা সম্পর্কে পরিবারগুলোকে সচেতন করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা নিজ নিজ এলাকার অভিজ্ঞতা তুলে ধরে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাব দেন।
এসব প্রস্তাব বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় বলা হয়, মা ও নবজাতকের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি কমানোর পাশাপাশি একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ জন্য স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
গোলটেবিল বৈঠকে উত্থাপিত বিভিন্ন মতামত ও সুপারিশ ভবিষ্যতে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।