NEWS DESK ব্রিক্স সম্মেলনের মাঝেই রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে ফেলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গেও তিনি শনিবার বৈঠক করেছেন। কিন্তু রাতে তাঁর আয়োজিত নৈশভোজে জিনপিংকে দেখা যায়নি। নৈশভোজে না গিয়ে হোটেলেই বিশ্রাম নেন চিনা প্রেসিডেন্ট। তবে ব্রিক্সে উপস্থিত অন্য রাষ্ট্রনেতারা নৈশভোজে হাজির ছিলেন।
আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে শনিবার রাতে অতিথিদের জন্য নয়াদিল্লির ভারত মণ্ডপমে নৈশভোজের আয়োজন করেছিলেন মোদী। জিনপিং কেন সেখানে গেলেন না, এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, বিশ্রাম নেবেন বলেই তিনি হোটেলে ফিরে গিয়েছিলেন। শনিবার বেলা ১২টার কিছু আগে জিনপিং দিল্লিতে পৌঁছোন। ব্রিক্স সম্মেলনে যোগ দেন এবং মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন। তাঁর বিশ্রামের প্রয়োজন ছিল, ফলে নৈশভোজ উপলক্ষে আরও একটি অনুষ্ঠানে যোগ দিতে চাননি বলে দাবি কয়েকটি রিপোর্টে। তবে জিনপিঙের প্রতিনিধিদলের তরফে আলাদা করে এর কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।