পাবনা প্রতিনিধি:
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকার একটি ইসকন মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের চেষ্টাকালে প্রান্থ কুমার দাস নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
আটককৃত প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, সে বিশ্ববিদ্যালয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত।
ঘটনার বিবরণীতে জানা যায়, সোমবার সকালে অভিযুক্ত প্রান্থ কুমার দাস মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় মন্দির কর্তৃপক্ষ ও উপস্থিত স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে পাবনা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল। সঠিক সময়ে অভিযুক্তকে আটক করা না গেলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাশাপাশি ভুল তথ্য ছড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার বড় ধরনের অপচেষ্টা চালানো হতো।
ঘটনাস্থলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, আটককৃত শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র বা ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পাবনার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।