মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
অদম্য পরিশ্রম,নিষ্ঠা এবং অসাধারণ কর্মদক্ষতা দিয়ে উল্লাপাড়া উপজেলায় নারী উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। তাঁর সময়োপযোগী পদক্ষেপ ও সেবামূলক মনোভাবের কারণে উল্লাপাড়ার প্রান্তিক পর্যায়ের নারীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল পর্যায়ে বাল্যবিয়ে রোধ,নারী নির্যাতন প্রতিরোধ,যৌতুক বিরোধী সচেতনতা বৃদ্ধি এবং নারী উদ্যোক্তা তৈরিতে তিনি শুরু থেকেই বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সেলাই,হস্তশিল্পসহ নানা ধরনের পেশাগত প্রশিক্ষণের আয়োজন ও ক্ষুদ্র ঋণের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করেছেন তিনি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের কর্মপরিকল্পনা ও সমন্বয়কের ভূমিকার কারণে ভিজিডি (VGD),মাতৃত্বকালীন ভাতা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত অন্যান্য সরকারী সুবিধা সুবিধাভোগীদের কাছে স্বচ্ছতার সাথে পৌঁছে যাচ্ছে। তাঁর দপ্তর থেকে পাওয়া দ্রুত ও ঝামেলাহীন সেবায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ সেবাগ্রহীতারা। স্থানীয় সচেতন মহল মনে করেছেন,সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নিলুফা ইয়াসমিনের সততা ও কর্মস্পৃহা অন্যদের জন্যও অনুকরণীয়। এই বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেছেন,"নারী সমাজকে সুশিক্ষিত ও স্বাবলম্বী করে তোলাই আমার প্রধান লক্ষ্য। সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের সুফল যেন উল্লাপাড়ার প্রতিটি অসহায় নারী পান,সেজন্য আমি ও আমার দল নিরলসভাবে কাজ করে যাচ্ছি।" তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে,সকলের সম্মিলিত প্রচেষ্টায় উল্লাপাড়া উপজেলা নারী উন্নয়ন ও ক্ষমতায়নে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে।