নিজস্ব প্রতিবেদক, পীরগাছা, রংপুর
রংপুরের পীরগাছায় হেরোইন কেনাবেচার অভিযোগে দুজনকে আটক করে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার অনন্তরাম বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন মিঠাপুকুর উপজেলার আসগরপুর এলাকার স্বপন চন্দ্র বর্মন (৩৮) এবং পীরগাছা উপজেলার অনন্তরাম বড়বাড়ি এলাকার সাদ্দাম হোসেন (৩৫)।
পুলিশ জানায়, হেরোইন কেনার সময় স্থানীয় লোকজন তাঁদের আটক করে থানায় সোপর্দ করেন। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
অন্যদিকে, মাদকাসক্ত অবস্থায় বাড়িঘর ভাঙচুর ও বাবা-মাকে মারধরের অভিযোগে পীরগাছার বড় পাইনসা এলাকার রেজাউল করিম সেন্টু (৩৪) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তৌফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এসব দণ্ড দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক: মোস্তাক আহমেদ বাবু, পীরগাছা, রংপুর।