সাকিব মাহমুদ
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উচ্ছাস প্রতিদ্বন্দ্বিতা ও আন্তঃবিশ্ববিদ্যালয় সম্প্রীতির এক প্রাণবন্ত পরিবেশে তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে।
আজ সোমবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত “অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত এবং স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও আয়োজকদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গত ৪ মে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অ্যাথলেটিক্স মাঠে শুরু হওয়া এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় তিন দিনব্যাপী অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্ট ও বাস্কেটবল খেলায় শিক্ষার্থীরা তাদের দক্ষতা, শৃঙ্খলা ও দলগত পারদর্শিতার উজ্জ্বল প্রদর্শন করে। প্রতিটি ইভেন্টে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, তবে সেই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ আচরণের অনন্য দৃষ্টান্তও লক্ষ্য করা যায়।
শেষ দিনের খেলায় বাস্কেটবল ইভেন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই জয়ে স্বাগতিক দলের খেলোয়াড়দের মাঝে উচ্ছ্বাসের বন্যা বইতে থাকে।
সমাপনী অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় অংশগ্রহণকারী সকল বিশ্ববিদ্যালয়কে সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ও সুস্থ মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্ক জোরদার করে একটি ইতিবাচক ও প্রগতিশীল শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।