ইবি সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১টায় এ বিষয়ে তারা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে স্ব স্ব "ধর্মীয় শিক্ষা" পাঠদান নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক বাঁধন বিশ্বাস স্পর্শ, প্রচার সম্পাদক শুবংকর রায়সহ সনাতন ধর্মাবলম্বী অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানায় , গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ এ অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিলের ১৩১ তম সভা ও ২৭১ তম সিন্ডিকেট সভার অনুমোদন অনুসারে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে ধর্মীয় দিক মূল্যায়ন না করে "বাংলাদেশ স্ট্যাডিজ" এবং "ইসলামিক স্ট্যাডিজ কোর্স" ক্রেডিট কোর্স হিসেবে অত্যাবশ্যক করা হয়েছে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরো বলেন, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অধ্যয়ন করে। সেখানে সুনির্দিষ্ট একটি ধর্মের শিক্ষাকে সবার ওপর চাপিয়ে দেওয়া চরম বৈষম্যমূলক আচরণ। এটি শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের নামান্তর। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে স্ব স্ব "ধর্মীয় শিক্ষা" পাঠদান নিশ্চিতের দাবি জানায়।
পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক বাঁধন বিশ্বাস স্পর্শ বলেন, যেহেতু একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়ে সিন্ডিকেটে পাস হয়ে গিয়েছে, সেহেতু এই বিষয়টা নিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয় উপাচার্য মহোদয়।