মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ-
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা, নেতাকর্মীদের মারধর এবং আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে।
সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার বানেশ্বর বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত ৯ জন নামীয় এবং আরও ২০-২৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউনুস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জমিজমা সংক্রান্ত একটি বিষয়ে বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন দেশীয় অস্ত্র,লাঠি ও লোহার রড নিয়ে একদল ব্যক্তি কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা কার্যালয়ে থাকা নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর করে আহত করে এবং অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাঙচুর ও পদদলিত করে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মইনুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা হলেন— লেবু মিয়া, বেলাল মিয়া,আব্দুল লতিফ, কবেল মিয়া, ফারুক, রানা মিয়া, তামিম মিয়া, মোজাম্মেল হক ও হাসিব। এছাড়া আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে।
রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মইনুল ইসলাম বলেন, আমরা দলীয় কার্যালয়ে বসে একটি বৈঠক করছিলাম। হঠাৎ করেই সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আমাদের মারধর ও অফিস ভাঙচুর করা হয়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান,বিএনপি কার্যালয়ে হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।